দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের যোগসূত্র রয়েছে। হামলার আগে অভিনেতার চলাফেরা ও দৈনন্দিন রুটিন সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছিল বলেও ধারণা করছেন তাঁরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে ভ্রমণের সময় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজন হরিয়ানার বাসিন্দা এবং অন্যজন মহারাষ্ট্রের। হামলার পরিকল্পনা ও ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। টাইগার শ্রফ কোথায় যান, কখন বের হন এবং তাঁর দৈনন্দিন চলাফেরা কেমন—এসব তথ্য সংগ্রহ করেছিলেন অভিযুক্তরা বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতি রোববার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে খেলতে যান টাইগার। তাঁর এই অভ্যাস সম্পর্কে অভিযুক্তরা জানতেন বলে মনে করছেন তদন্তকারীরা। মাঠ থেকে গাড়িতে ফেরার সময় অভিনেতাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হামলার পর অভিযুক্তরা পালানোর পথও আগে থেকে ঠিক করে রেখেছিলেন বলে অভিযোগ। তদন্তে উঠে এসেছে, তাঁরা মুম্বাইয়ের ভিলে পারলে ও আন্ধেরি এলাকা হয়ে এসভি রোড ধরে এগিয়ে যান। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরবাইক ফেলে রেখে বরিভলীর দিকে যাওয়া একটি ট্রেনে ওঠেন।
তদন্তকারীদের ধারণা, পুলিশের নজর এড়াতে অভিযুক্তরা মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে গুজরাতেও গিয়েছিলেন। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য, অভিযুক্তদের ভূমিকা এবং লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে তাঁদের যোগসূত্রের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। পুরো ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
এমএম/